কলম্বিয়া–কিউবা-মেক্সিকোকে নিয়ে ট্রাম্পের কড়া বার্তা।
ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশকে সরাসরি হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোকে লক্ষ্য করে দেওয়া এসব মন্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো অঞ্চলে।
আল জাজিরার এক প্রতিবেদনে সোমবার (৫ জানুয়ারি) জানানো হয়, রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে ‘ভাঙনের পথে থাকা রাষ্ট্র’ হিসেবে আখ্যা দেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ইঙ্গিত করে তিনি বলেন, বোগোটার সরকার একজন ‘অসুস্থ মানুষের’ হাতে পরিচালিত হচ্ছে, যিনি কোকেন উৎপাদন ও যুক্তরাষ্ট্রে পাচারে যুক্ত। ট্রাম্পের ভাষায়, পেত্রো খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারবেন না।
কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এমন ধারণা ‘মন্দ নয়’। এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি ট্রাম্পকে প্রকাশ্যে ‘মিথ্যা অপবাদ বন্ধ করার’ আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করে বলেন, লাতিন আমেরিকার দেশগুলো ঐক্যবদ্ধ না হলে তাদের সঙ্গে দাসের মতো আচরণ করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ধারাবাহিক পোস্টে পেত্রো যুক্তরাষ্ট্রের অতীত ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, ইতিহাসে দক্ষিণ আমেরিকার কোনো রাজধানীতে প্রথম বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রই। তবে প্রতিশোধ নয়, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের পথকেই সমাধান হিসেবে দেখছেন তিনি।
পেত্রোর ভাষায়, লাতিন আমেরিকাকে এমন এক অঞ্চলে পরিণত হতে হবে, যারা শুধু যুক্তরাষ্ট্রের দিকে নয়, বরং সারা বিশ্বের সঙ্গে সমানভাবে সম্পর্ক, বাণিজ্য ও সহযোগিতা গড়ে তুলতে পারে।

মতামত দিন