ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন করে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের।
ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত নতুন মোড় নিচ্ছে। দেশটির তেলনীতি ও মাদক পাচার ঠেকাতে সহযোগিতা না করলে আবারও সামরিক অভিযানে যেতে পারে ওয়াশিংটন—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার বিভিন্ন গণমাধ্যমের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ন হলে ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি দ্বিধা করবেন না। তার দাবি, দেশটি এখনো তেল শিল্পে আন্তর্জাতিক অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না এবং মাদক চোরাচালান রোধেও কার্যকর ভূমিকা রাখছে না।
এর মধ্যেই শনিবার ভোরে ভেনেজুয়েলায় পরিচালিত এক বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মার্কিন বাহিনী। তাকে নিউইয়র্কে নেওয়া হয়েছে এবং সোমবার আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রয়টার্স।
মাদুরো আটক হওয়ার পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ২০২০ সালেই মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসী নেটওয়ার্কে সম্পৃক্ততার মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই গ্রেপ্তার কার্যকর করা হয়েছে।
তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, অভিযানের পেছনে শুধু বিচারিক কারণ নয়, কৌশলগত হিসাবও রয়েছে। তার ভাষায়, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন চাপ এবং অতীতে তেল শিল্প রাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, মার্কিন কোম্পানিগুলো আবার ভেনেজুয়েলার তেল খাতে ফিরবে এবং শিল্প পুনর্গঠনের দায়িত্ব নেবে।
এদিকে মাদুরো গ্রেপ্তার হলেও ভেনেজুয়েলার ক্ষমতার কেন্দ্র পুরোপুরি ভেঙে পড়েনি। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রয়েছেন। তিনি দাবি করেছেন, মাদুরোই এখনো দেশের বৈধ প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন।
ট্রাম্প দাবি করলেও ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতার কথা অস্বীকার করেছে।

মতামত দিন