আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন, মাদুরো দম্পতিকে মুক্তি দেওয়ার দাবি।

নিজেস্ব প্রতিবেদক:

চীন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দ্রুত মুক্তি দিতে হবে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অবস্থান প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, মাদুরো দম্পতির নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে চীন হুঁশিয়ারি দিয়েছে, জোরপূর্বক পদক্ষেপ নেওয়া হলে তা পরিস্থিতি আরও জটিল করতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে। বিবৃতিতে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকারীরা কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে একটি ফেডারেল কারাগারে স্থানান্তর করেছে। মার্কিন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মাদকপাচার ও অস্ত্র চোরাচালানসহ একাধিক অভিযোগ আনতে যাচ্ছে।

চীনের এই অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংশয় তৈরি করেছে।

সূত্র: সিএনএন

মতামত দিন