কারাকাসে বিস্ফোরণ, ৪ রাজ্যে হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রকে দায়ী করল ভেনেজুয়েলা।
ভেনেজুয়েলার সরকার দাবি করেছে, রাজধানী কারাকাসসহ দেশের চারটি অঞ্চলে হামলা চালানো হয়েছে, যার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ‘সরাসরি সামরিক আগ্রাসন’ হিসেবে।
আলজাজিরার শনিবারের প্রতিবেদনে বলা হয়েছে, মিরান্দা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যের বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তুসমূহও হামলার মুখে পড়েছে। সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অভিযোগ জানিয়ে তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ২টার দিকে কারাকাসে বিস্ফোরণের শব্দ ও আকাশে নিচু উড়ে যাওয়া বিমান লক্ষ্য করা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিক স্থানে বিস্ফোরণ হয়েছে।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইতিমধ্যেই সংবিধান ও জাতীয় নিরাপত্তা আইনের আওতায় জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োগের নির্দেশ দিয়েছেন।
ঘটনার বিষয়ে আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হামলার ঘটনা ঘটেছে এবং লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থানও অন্তর্ভুক্ত ছিল। পেন্টাগন সূত্র জানিয়েছে, এ ধরনের সমস্ত প্রশ্ন হোয়াইট হাউসের কাছে পাঠানো হয়েছে।

মতামত দিন