আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাম্বিয়ার সাগরে অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনা, নিহত ৭ জন।

নিজেস্ব প্রতিবেদক:

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার উপকূলবর্তী সাগরে অভিবাসীদের বহনকারী একটি নৌকা দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত সাতজনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আর এখনো বহু যাত্রীর কোনো খোঁজ মেলেনি।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতের দিকে নর্থ ব্যাংক অঞ্চলের কাছাকাছি সমুদ্রে নৌকাটি হঠাৎ উল্টে যায়। সে সময় নৌকাটিতে দুই শতাধিক মানুষ ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ।

গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পরপরই নৌবাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। অভিযানে সামরিক জাহাজের পাশাপাশি স্থানীয় একটি মাছ ধরার নৌকাও অংশ নেয়। এখন পর্যন্ত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃতদের একটি বড় অংশের অবস্থা গুরুতর।

নৌকাটি ডুবে যাওয়ার পর কিছু সময় ভেসে থাকতে দেখা গেলেও পরে সেটি কাছাকাছি একটি বালুচরে আটকে যায় বলে জানানো হয়েছে। উদ্ধার অভিযান এখনো পুরোপুরি শেষ হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিক থাকতে পারেন। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। নিখোঁজদের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

বিশ্লেষকদের মতে, ইউরোপে পৌঁছানোর আশায় পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক পাড়ি দেওয়া অন্যতম ঝুঁকিপূর্ণ পথগুলোর একটি হলো গাম্বিয়া উপকূল। এখান থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা করেন হাজারো অভিবাসী।

ইউরোপীয় ইউনিয়নের হিসাবে, ২০২৪ সালে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছান ৪৬ হাজারের বেশি অভিবাসী। তবে মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাস বলছে, একই বছরে সমুদ্রপথে প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ—যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

অন্যদিকে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ১১ মাসে পশ্চিম আফ্রিকা রুটে অবৈধ অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমেছে। সংস্থাটির মতে, যাত্রা শুরুর দেশগুলোতে নজরদারি ও প্রতিরোধ জোরদার হওয়াই এর মূল কারণ।

মতামত দিন