সৌদি আরবে দুর্নীতির বিরুদ্ধে কড়া অভিযান, সরকারি দপ্তরের ১১৬ কর্মকর্তা আটক।
সৌদি আরবে দুর্নীতির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির নজরদারি ও দুর্নীতিবিরোধী সংস্থা ‘নাজাহা’। এই অভিযানে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের অন্তত ১১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, দীর্ঘ সময় ধরে চালানো তদন্তের ভিত্তিতে এসব গ্রেপ্তার করা হয়। স্থানীয় গণমাধ্যম ওকাজের বরাতে বলা হয়েছে, অভিযানের আওতায় ঘুষ লেনদেন ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখা হয়েছে।
নাজাহা জানায়, ২০২৫ সালের ডিসেম্বর মাসজুড়ে দেশব্যাপী পরিচালিত অভিযানে মোট ৪৬৬ জনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়। একই সময়ে বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় ১ হাজার ৪৪০টি তদারকি ও পরিদর্শন কার্যক্রম চালানো হয়। স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, পৌর ও আবাসন মন্ত্রণালয়সহ একাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এসব তদন্তের আওতায় ছিলেন।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ায় ১১৬ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী কয়েকজনকে পরে জামিনে মুক্তি দেওয়া হলেও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চালানোর প্রস্তুতি চলছে।
নাজাহা আরও জানিয়েছে, সরকারি ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা, জবাবদিহি জোরদার করা এবং রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার রোধ করাই এই অভিযানের মূল লক্ষ্য।
এদিকে কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের দুর্নীতির যেকোনো তথ্য জানাতে আহ্বান জানিয়েছে। এ জন্য টোল-ফ্রি নম্বর ৯৮০ অথবা নাজাহার নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
মতামত দিন