বেলারুশে রুশ ব্যালিস্টিক মিসাইল মোতায়েন, যুদ্ধ জয়ের দাবি পুতিনের।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বেলারুশে রাশিয়ার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ওরেশনিক’ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার পক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সামরিক আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র পরিবহনের দৃশ্যও তুলে ধরা হয়েছে। এতে স্পষ্টভাবে বোঝা যায়, বেলারুশে এই অস্ত্র মোতায়েনকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে।
এ অবস্থায় নববর্ষ উপলক্ষে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হবে রাশিয়া। তিনি যুদ্ধরত সেনাদের প্রশংসা করে তাদের ‘জাতির বীর’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, দেশের জনগণ ও সেনাবাহিনীর ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার প্রায় চার বছর পরও যুদ্ধের চূড়ান্ত ফলাফল অনিশ্চিত। একদিকে তীব্র লড়াই চলছে, অন্যদিকে শান্তি আলোচনার উদ্যোগও থেমে নেই।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নববর্ষের ভাষণে জানিয়েছেন, তার দেশ শান্তি চায় ঠিকই, তবে কোনো অবস্থাতেই দুর্বল বা আত্মসমর্পণমূলক চুক্তিতে সই করবে না।
জেলেনস্কির ভাষায়, যুদ্ধ বন্ধ হওয়া প্রয়োজন, কিন্তু ইউক্রেনের অস্তিত্ব বিলিয়ে দিয়ে নয়। তিনি বলেন, যুদ্ধ ক্লান্তিকর হলেও ইউক্রেন আত্মসমর্পণের পথে হাঁটবে না।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান আলোচনায় একটি শান্তি কাঠামো প্রায় সম্পূর্ণ হয়েছে। তবে চুক্তির বাকি অংশই ঠিক করবে ভবিষ্যৎ শান্তি, ইউরোপের নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবন কেমন হবে।
সূত্র: আল জাজিরা
মতামত দিন