হুথি হামলার পর ইসরায়েলগামী সব ফ্লাইট স্থগিত করলো এয়ার ইন্ডিয়া।
ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ৬ মে পর্যন্ত সব ফ্লাইট বন্ধ রাখা হবে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শনিবার সকালে হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের আশপাশে বিস্ফোরিত হয়। ঘটনার পর দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI139-এর গন্তব্য পরিবর্তন করে তা নিরাপদে আবুধাবিতে অবতরণ করানো হয়।
পরবর্তীতে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে ফ্লাইটটি আবুধাবি থেকে দিল্লিতে ফিরিয়ে আনা হবে। পাশাপাশি ৪ থেকে ৬ মে’র মধ্যে নির্ধারিত সব ফ্লাইট বাতিল থাকবে এবং ওই সময়ের বুকিংধারীদের জন্য একবারের ভ্রমণ ফি ছাড় বা সম্পূর্ণ রিফান্ডের ব্যবস্থা রাখা হয়েছে।
এয়ার ইন্ডিয়া আরও জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা সংস্থার সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ের কর্মীরা যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।
প্রসঙ্গত, শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চারজন আহত হয়েছেন। হামলার কারণে কিছু সময়ের জন্য বিমান চলাচল স্থগিত থাকলেও পরে তা পুনরায় চালু হয়।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “বেন গুরিয়ন এখন আর নিরাপদ বিমানবন্দর নয়। ইসরায়েলে ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ।” তিনি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকেও ইসরায়েলমুখী ফ্লাইট বাতিলের আহ্বান জানান।
উল্লেখ্য, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, যা তারা গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান হামলার প্রতিবাদ হিসেবে চালাচ্ছে বলে জানিয়েছে।
মতামত দিন