ইসরায়েলের আকাশে হুতিদের আঘাতের হুমকি, নেতানিয়াহুর কঠোর প্রতিক্রিয়া।
ইসরায়েলের বিরুদ্ধে ‘সম্পূর্ণ আকাশপথ অবরোধ’ আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি আন্দোলন (আনসারুল্লাহ)। এর জবাবে হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
রবিবার এক বিবৃতিতে হুতি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় তারা বেন গুরিয়নসহ ইসরায়েলের বিমানবন্দরগুলোকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করবে। তিনি আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা ইসরায়েলগামী সব ফ্লাইট বাতিল করে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে।
এই ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগেই হুতিদের একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়নের আশপাশে বিস্ফোরিত হয়, যার ফলে কিছু সময়ের জন্য ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। উল্লেখযোগ্যভাবে, ইসরায়েলের হেৎজ এবং যুক্তরাষ্ট্রের থাড প্রতিরক্ষা ব্যবস্থা এ হামলা প্রতিরোধে ব্যর্থ হয়।
পাল্টা প্রতিক্রিয়ায় এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “আমরা হুতিদের আগে যেমন জবাব দিয়েছি, তেমনি এবারও দেব—এটা কোনো একবারের প্রতিশোধ নয়, ধারাবাহিক আঘাত চলবে।” পাশাপাশি তিনি হুতিদের ‘মদদদাতা’ হিসেবে ইরানকে দায়ী করে বলেন, “যথাযথ সময় ও প্রয়োজন হলে ইরানকেও জবাব দেওয়া হবে।”
উত্তেজনার মধ্যেই রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে আল-সাওয়াদ, রাস ইসা বন্দর এবং হোদেইদাহর কামারান দ্বীপে একাধিক বিমান হামলা চালায়। হুতি-সমর্থিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন