চীনে চিকিৎসা নিতে আগ্রহীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ ভিসা চালু।
বাংলাদেশ থেকে চীনে চিকিৎসার জন্য যেতে ইচ্ছুক নাগরিকদের সুবিধার্থে ‘গ্রিন চ্যানেল’ ভিসা সুবিধা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
রোববার (৪ মে) এক বিবৃতিতে দূতাবাস জানায়, চলতি বছরের মার্চে চীন সফরকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনা নেতাদের স্বাস্থ্য সহযোগিতা এবং মানবসম্পদ বিনিময় সহজ করার বিষয়ে যে সমঝোতা হয়, তারই ধারাবাহিকতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নতুন এই ব্যবস্থায় চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের প্রক্রিয়া সহজ হবে এবং দ্রুত ভিসা ইস্যু করা যাবে। অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলো এখন আবেদনকারীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্কের গ্যারান্টিপত্র দিতে পারবে, ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন থাকবে না।
চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের জন্য ভিসা সেন্টারে একটি বিশেষ কাউন্টার চালু করা হয়েছে, যেখানে তারা অপেক্ষা ছাড়াই কাগজপত্র জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ‘গ্রিন চ্যানেল’ ব্যবস্থায় একইদিনে ভিসা ইস্যু করা সম্ভব হবে।
যেসব রোগীর সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে। যদি কোনো রোগী শারীরিকভাবে উপস্থিত হতে না পারেন, সেক্ষেত্রে নির্ধারিত ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের মাধ্যমে অনলাইন সাক্ষাৎকারের ব্যবস্থা থাকবে।
ভিসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর ০২২২২২৬০১০৩ ও ০১৭০৮৪৬৪৮০৯, ভিসা আবেদন কেন্দ্রের ০২২২৬৬০৩২৬১ নম্বরে এবং ০১৮৮৫০৪১৩৬৪ হোয়াটসঅ্যাপ পরিষেবা গ্রুপে যোগাযোগ করা যাবে। আবেদনকারীরা চাইলে সশরীরেও বনানীর প্রসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় যোগাযোগ করতে পারবেন।
মতামত দিন