আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় অনাহারে মৃত্যু ৫৭ ছাড়াল, ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৩৯।

গাজা উপত্যকায় ইসরায়েলের পূর্ণ অবরোধের কারণে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। খাদ্য, পানি ও ওষুধসহ ত্রাণবাহী শতাধিক ট্রাক সীমান্তে আটকে আছে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষের বাধার কারণে এসব ত্রাণ এখনও গাজায় প্রবেশ করতে পারেনি।

ইসরায়েলি হামলায় গাজায় একদিনেই অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। আহত হয়েছেন আরও বহু মানুষ।

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা অবাধ প্রবেশের দাবি জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তারা বলছে, খাদ্য ও ওষুধের সংকট এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং অনাহারে মৃত্যুকে ‘অসহনীয় মানবিক বিপর্যয়’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৫২ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৮ হাজার ৩৬৬ জন আহত হয়েছেন। তবে গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষকে মৃত ঘোষণা করায় প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষ জিম্মি হয়। সেই ঘটনার পরই ইসরায়েল গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে,  যা এখনও অব্যাহত রয়েছে।

মতামত দিন