৪৮ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া, বাংলাদেশিদের সংখ্যা অজানা।
বিভিন্ন দেশের ৪৮ হাজার ৩১৯ জন অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা জানায়নি দেশটির ইমিগ্রেশন বিভাগ।
শনিবার (৩ মে) এক বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগ জানায়, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ১৮টি স্থায়ী আটককেন্দ্র, দুটি অস্থায়ী কেন্দ্র ও ছয়টি ‘বাইতুল মাহাব্বা’ থেকে এসব অভিবাসীকে আকাশ ও নৌপথে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক জাকারিয়া শাবান জানান, মালয়েশিয়াজুড়ে এসব কেন্দ্রে মোট ২১ হাজার ৫৩০ জন বন্দিকে রাখার সক্ষমতা রয়েছে। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি থাকার কারণে জট কমাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়, যার ফলস্বরূপ ৪৮ হাজার ৩১৯ জন অভিবাসীকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।
ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন ৩৪ হাজার ৭০২ জন পুরুষ, ১১ হাজার ৫৪০ জন নারী, ১ হাজার ১৭৬ জন ছেলে এবং ৯০১ জন মেয়ে।
জাকারিয়া জানান, এ জট কমাতে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা বন্দরে ফিলিপিনো নাগরিকদের ফেরত পাঠাতে সাবাহর সান্দাকান বন্দর থেকে ফেরি সার্ভিস চালু করা হয়।
একইভাবে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার নুনুকান বন্দরে ফেরত পাঠাতে তাওয়াউ বন্দর থেকে ফেরি সেবা চালু রাখা হয়েছে। এ ছাড়া পেনিনসুলার মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার তানজুং পিনাং বন্দরের মধ্যেও ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ফেরি সেবা চালু থাকবে।
তিনি আরও বলেন, সাজা শেষে বন্দিদের দ্রুত দেশে ফেরত পাঠানো ইমিগ্রেশন বিভাগের অন্যতম অগ্রাধিকার। আটককেন্দ্রগুলোর ওপর চাপ কমাতে এ কার্যক্রম অব্যাহত থাকবে

মতামত দিন