আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি শিশুকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নাগরিকের ৫৩ বছরের কারাদণ্ড।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ৬ বছর বয়সি ফিলিস্তিনি-মার্কিন শিশু ওয়াদী আলফায়ুমি হত্যার দায়ে জোসেফ চুবা নামের এক ব্যক্তিকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিদ্বেষপ্রসূত ঘৃণাজনিত অপরাধ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে এই সাজা পেলেন ৭৩ বছর বয়সি এই ব্যক্তি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উইল কাউন্টির বিচারক অ্যামি বার্তানি-টমচাক ওই দিন মামলার রায় ঘোষণা করেন। ২০২৩ সালের ১৪ অক্টোবর, গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর কয়েক দিনের মধ্যেই ইলিনয়ের প্লেইনফিল্ড এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত জোসেফ চুবা ছিলেন নিহত শিশুর মা হানান শাহিনের বাড়ির মালিক।

পুলিশ জানায়, গাজায় চলমান যুদ্ধ নিয়ে ক্ষুব্ধ চুবা শাহিনের বাসায় গিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি হানান শাহিনকে গলা চেপে মাটিতে ফেলে দেন এবং সামরিক ছুরি দিয়ে আক্রমণ চালান। শাহিন একাধিক ছুরিকাঘাতের পর কোনোভাবে বাথরুমে পালিয়ে গিয়ে জরুরি সহায়তা চান। তবে তার শিশু পুত্র ওয়াদী বাঁচতে পারেনি—তাকে ২৬ বার ছুরিকাঘাত করা হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

আদালতে সাক্ষ্য দিতে গিয়ে হানান শাহিন বলেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই জোসেফ চুবা মুসলিমদের প্রতি বিদ্বেষপ্রসূত আচরণ করছিলেন। হামলার সময় চুবা বলেন, “তুমি মুসলমান, তোমায় মরতে হবে।”

এই হামলাটি গাজা যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে সংঘটিত সবচেয়ে আলোচিত ইসলামবিদ্বেষ ও আরববিদ্বেষমূলক সহিংস ঘটনার একটি হিসেবে বিবেচিত হচ্ছে। মামলার রায়ে বিচারক বলেন, এমন অপরাধ সমাজে ঘৃণার বিষ ছড়ায় এবং এটি কোনোভাবেই সহ্য করা যায় না।

মতামত দিন