পাকিস্তানের আকাশসীমা বন্ধে এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলারের ক্ষতি।
পাকিস্তান ভারতের বেসরকারি বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর এয়ার ইন্ডিয়ার বছরে প্রায় ৬০ কোটি ডলার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১ মে) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, যা সংস্থাটির অভ্যন্তরীণ একটি চিঠির বরাতে প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়, “ধরে নেওয়া হচ্ছে যে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে এবং তা আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। ফলে বিকল্প রুট ব্যবহার করতে গিয়ে দীর্ঘ ফ্লাইটের কারণে জ্বালানি খরচ বৃদ্ধি পাবে।”
এতে আরও বলা হয়, উড্ডয়ন সময় বাড়ায় যাত্রীসেবাও ব্যাহত হতে পারে। ফলে পাকিস্তানের নিষেধাজ্ঞা চলাকালে প্রতি বছর ৫৯ কোটি ১০ লাখ ডলারেরও বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় কোনো প্রত্যক্ষ প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত। পরদিন নয়াদিল্লি সিন্ধু জলচুক্তি স্থগিতসহ ইসলামাবাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয়।
এর জবাবে পাকিস্তান ভারতের বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় এবং পাল্টা কিছু কূটনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে।
মতামত দিন