ইয়েমেনে হুতিদের ওপর নতুন করে মার্কিন বিমান হামলা।
ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর প্রভাব কমাতে ইয়েমেনের আল-জাওফ প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ মে) শাফাক নিউজ এ তথ্য জানায়।
হুতিদের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, আল-জাওফের চারটি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ হামলা নিয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও পূর্বে জানানো হয়েছিল যে, তারা 'অপারেশন রাফ রাইডার'-এর আওতায় হুতিদের বিরুদ্ধে ধারাবাহিক ও তীব্র সামরিক অভিযান পরিচালনা করছে।
সেন্টকমের তথ্যমতে, এ পর্যন্ত ওই অভিযানে ৮০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং এতে শত শত হুতি যোদ্ধা নিহত হয়েছেন, যাদের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্যরাও রয়েছেন। তারা দাবি করেছে, এই অভিযানের ফলে হুতিদের হামলার পরিমাণ কমেছে। বলেছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ৬৯ শতাংশ এবং একমুখী ড্রোন হামলা ৫৫ শতাংশ কমেছে।
অন্যদিকে হুতিরা দাবি করেছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে প্রায় ১,০০০টি বিমান হামলা চালিয়েছে। এতে ২১৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৩৬ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এক টেলিভিশন ভাষণে হুতি নেতা আবদুল মালিক আল-হুথি বলেন, “যুক্তরাষ্ট্রের দমন-পীড়ন সত্ত্বেও আমরা আমাদের সামরিক অভিযান অব্যাহত রাখব।” তিনি দাবি করেন, রেড সি, বাব আল-মানদাব, গালফ অব এডেন ও আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আমাদের অভিযান অধিকৃত ফিলিস্তিনের গভীর পর্যন্ত চলবে।” পাশাপাশি যুক্তরাষ্ট্রকে ‘ব্যর্থ’ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, মার্কিন হামলা হুতিদের সামরিক কর্মকাণ্ড থামাতে পারেনি।
মতামত দিন