আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সীমান্তে গুপ্তচরচেষ্টা ভেস্তে গেছে: ভারতীয় ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের।

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতের একটি কোয়াডকপ্টার (ড্রোন) নিয়ন্ত্রণরেখা (এলওসি) অতিক্রম করে পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশ করলে সেটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে কোয়াডকপ্টারটি সীমান্তের ওপার থেকে নজরদারি চালানোর চেষ্টা করছিল।

এ সময় পাকিস্তানি সেনারা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সেটিকে গুলি করে নামিয়ে আনেন।

তাঁরা আরও বলেন, “যথাসময়ে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ায় ভারতের গুপ্তচরচেষ্টা ব্যর্থ হয়েছে। এটি পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারিত্ব ও প্রতিরক্ষা প্রস্তুতির স্পষ্ট প্রমাণ।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে কর্মকর্তারা বলেন, যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের প্রাণঘাতী হামলার পর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ওই হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ২০০০ সালের পর এটিকে কাশ্মীর অঞ্চলে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে।

এই ঘটনার একদিন পর, ২৩ এপ্রিল ভারত একতরফাভাবে ১৯৬০ সালের সিন্ধু পানি বণ্টন চুক্তি (আইডব্লিউটি) স্থগিতের ঘোষণা দেয়, যা এতদিন বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে কার্যকর ছিল। জবাবে পাকিস্তান ১৯৭২ সালের শিমলা চুক্তি স্থগিতের হুঁশিয়ারি দেয় এবং ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করার হুমকি দেয়।

পেহেলগামের হামলার পেছনে আন্তসীমান্ত সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে ভারত। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি। অন্যদিকে, পাকিস্তান সব ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং বলেন, “সত্য উদঘাটনের স্বার্থে একটি স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া প্রয়োজন।”

মতামত দিন