ইউক্রেনে তিন দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন।
ইউক্রেনে তিন দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৮ মে সকাল থেকে ১১ মে পর্যন্ত এ যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ‘মানবিক বিবেচনায়’ প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। রাশিয়া আশা করছে, ইউক্রেনও এই উদাহরণ অনুসরণ করে যুদ্ধবিরতিতে সম্মত হবে। তবে সতর্ক করে বলা হয়েছে, ইউক্রেন যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে রুশ সশস্ত্র বাহিনী তার উপযুক্ত ও কার্যকর জবাব দেবে।
বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া ইউক্রেন সংকটের সমাধানে শান্তি আলোচনায় শর্তহীন প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে। এতে বলা হয়, “সংকটের মূল কারণগুলোর সমাধান এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সহযোগিতা প্রতিষ্ঠা করাই রাশিয়ার লক্ষ্য।”
এর আগে, খ্রিষ্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে গত সপ্তাহে ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন পুতিন। তবে সে সময় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছিল।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই পক্ষের হাজার হাজার সৈন্য ও বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।
এদিকে সম্প্রতি, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছেন। তিনি কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছেন, খুব দ্রুত একটি শান্তি চুক্তি সম্পন্ন হতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা আসেনি।
মতামত দিন