আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিক গ্রেফতার, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু।

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটে অভিযান চালিয়ে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৫ এপ্রিল) রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাট শহরে চালানো এই অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ বাংলাদেশি নাগরিক আটক হন।

শনিবার (২৬ এপ্রিল) ভারতের প্রভাবশালী বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভির নির্দেশনায় শুরু হওয়া এই বিশেষ অভিযান "ইতিহাস গড়া সাফল্যে" পরিণত হয়েছে। আহমেদাবাদ থেকে প্রায় ৮৯০ জন এবং সুরাট থেকে আরও ১৩৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ, নারী ও শিশুরাও রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি জানান, গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের অবিলম্বে পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করে দেশে ফেরত পাঠানো হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পাশাপাশি অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।

সুরাট পুলিশের যুগ্ম কমিশনার রঘবেন্দ্র ভাটস জানান, বিভিন্ন বিভাগের সমন্বয়ে পরিচালিত এই অভিযান সফল হয়েছে। তিনি বলেন, "আটক ব্যক্তিদের পরিচয় যাচাই চলছে এবং যথাযথ প্রক্রিয়া শেষে দ্রুত তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।"

বিশেষজ্ঞদের মতে, এই অভিযানের মাধ্যমে গুজরাট সরকার একটি কঠোর বার্তা দিয়েছে—দেশে অবৈধভাবে বসবাসের কোনো সুযোগ নেই এবং অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদেরও আইনের আওতায় আনা হবে।

মতামত দিন