থাইল্যান্ডে সৈকতের কাছে পুলিশ বিমান বিধ্বস্ত, নিহত ৬।
থাইল্যান্ডের একটি জনপ্রিয় সমুদ্র সৈকতের কাছে পুলিশ বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ছয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন।
রয়্যাল থাই পুলিশের মুখপাত্র আর্চায়ন ক্রাইথং জানিয়েছেন, হুয়া হিন জেলায় প্যারাসুট প্রশিক্ষণের প্রস্তুতির অংশ হিসেবে বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নে গিয়েছিল। স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এটি বিধ্বস্ত হয়।
কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানের মডেল নিশ্চিত না করলেও ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে একটি ভাইকিং ডিএইচসি-৬ টুইন অটারের মতো দেখতে বিমান দেখা গেছে।
প্রাচুয়াব কিরি খান প্রদেশের জনসংযোগ বিভাগ জানিয়েছে, হুয়া হিন বিমানবন্দরের কাছেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।
ছবিতে দেখা গেছে, বিমানটি উপকূল থেকে প্রায় ১০০ মিটার দূরে সমুদ্রে পড়ে আছে এবং বিধ্বস্ত হয়ে দু'ভাগে বিভক্ত হয়েছে।
আর্চায়ন জানান, বিমানে থাকা ছয়জনই পুলিশ কর্মকর্তা। ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তিনি জানান, ব্ল্যাক বক্সসহ অন্যান্য তথ্য সংগ্রহ করে তদন্ত চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা।

মতামত দিন