আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু সংলাপ: শনিবার তৃতীয় দফা বৈঠক।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ আলোচনার দ্বিতীয় দফা শেষ হয়েছে ‘গঠনমূলক’ পরিবেশে। আলোচনার ধারাবাহিকতায় এবার তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে।

এই বৈঠক আগামী শনিবার অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ইরান ও সংশ্লিষ্ট কূটনৈতিক মহল। বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকে উভয় পক্ষ সরাসরি মুখোমুখি না হয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বার্তা আদান-প্রদান করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংলাপকে ‘গঠনমূলক’ আখ্যা দিলেও, তাদের অবস্থান এখনও পুরোপুরি আশাবাদী বা নিরাশাবাদী নয় বলে জানানো হয়েছে। আরাগচি বলেন, “আমরা আশাবাদী নই, হতাশও নই—আমরা একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি।”

আলোচনার পরবর্তী ধাপে আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ে বিশেষজ্ঞদের বৈঠক অনুষ্ঠিত হবে, যা মূল আলোচনার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মূল বিরোধের কেন্দ্রবিন্দু হলো ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি। ইরান জোর দিয়ে দাবি করে আসছে, তাদের কর্মসূচি কেবলমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অপরদিকে, পশ্চিমা দেশগুলো—বিশেষ করে যুক্তরাষ্ট্র—সন্দেহ করে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। এ নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে আস্থার সংকট এবং টানাপোড়েন চলে আসছে।

মতামত দিন