আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

‘অতি গোপনীয়’ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অস্ত্র প্রকাশ্যে আনল ইরান, হুঁশিয়ারি সেনা কর্মকর্তার।

ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কিছু অতি গোপনীয় ও অত্যাধুনিক অস্ত্রের তথ্য প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওউমার্স হেইদারি। এই অস্ত্রগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতায় সমৃদ্ধ এবং শত্রুপক্ষের যেকোনো হুমকি প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত শনিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল–আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল হেইদারি বলেন, “আমাদের হাতে এমন কিছু অস্ত্র রয়েছে, যা শুধু গোপন নয়—অতি গোপনীয়। এ ধরনের অস্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। যদিও এসব এখনো প্রচলিত অস্ত্রের তালিকায় রয়েছে, তবে কার্যক্ষমতায় তারা অতুলনীয়।”

তিনি আরও জানান, কৌশলগত কারণেই এসব অস্ত্র এখনো প্রকাশ্যে আনা হয়নি, তবে প্রয়োগের উপযোগী অবস্থায় রয়েছে। হেইদারির মতে, ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে তাদের পদাতিক বাহিনীর রয়েছে উচ্চ গতিতে চলাচলের সক্ষমতা, নির্ভুল আক্রমণের দক্ষতা ও মুহূর্তের মধ্যে অভিযান চালানোর সামর্থ্য।

ইরান-ইরাক যুদ্ধ (১৯৮০–১৯৮৮) পরবর্তী সময় থেকে ইরানের সামরিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন জেনারেল হেইদারি। তিনি বলেন, “আজকের ইরানি বাহিনী এক স্থান থেকে আরেক স্থানে অত্যন্ত দ্রুতগতিতে স্থানান্তরিত হতে পারে এবং আক্রমণে রয়েছে পূর্ণ সক্ষমতা।”

এদিকে ইরানের সামরিক বাহিনীর শক্তি ও প্রস্তুতিকে ‘উদাহরণযোগ্য’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, “ইরানের সামরিক বাহিনী এখন শুধু আমাদের দেশের জন্য নয়, বরং গোটা অঞ্চলের জন্য একটি মডেল। পশ্চিম এশিয়ায় তারা একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে।”

সম্প্রতি গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তেহরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। এমনকি ইরান ও ইসরায়েলের মধ্যেও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, ইসরায়েল সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছে।

এই প্রেক্ষাপটে ইরানের ‘অতি গোপনীয়’ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন অস্ত্রের তথ্য সামনে আসা নিঃসন্দেহে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।

মতামত দিন