আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভুল বোঝাবুঝি থেকে গাজায় ১৫ চিকিৎসাকর্মী হত্যার দায় স্বীকার ইসরাইলের।

‘ভুল বোঝাবুঝি’ থেকে গাজায় ১৫ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরাইল। রোববার (২০ এপ্রিল) এ ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

তবে এর মধ্যেও গাজাজুড়ে দখলদার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।

গত ২৩ মার্চ গাজায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি এবং দমকল বিভাগের একটি বহরে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে জাতিসংঘের কর্মীসহ ১৫ জন নিহত হন।

তদন্ত প্রতিবেদনে আইডিএফ জানায়, অভিযানের সময় তাদের সেনারা ভুল করে দ্রুতগতির গাড়িগুলোকে শত্রু বাহিনীর মনে করেছিল। তারা দাবি করে, গাড়িগুলোর হেডলাইট বন্ধ ছিল এবং এগুলো অনুমতি ছাড়াই অগ্রসর হচ্ছিল।

তবে নিহত এক চিকিৎসাকর্মীর মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়িগুলোর হেডলাইট ও ফ্ল্যাশলাইট চালু ছিল এবং কর্মীরা হাই-ভিজিবিলিটি জ্যাকেট পরিহিত ছিলেন।

ভিডিও বিশ্লেষণের পর আইডিএফ তাদের আগের বিবৃতি সংশোধন করে এবং দায় স্বীকার করে। এই ঘটনায় সংশ্লিষ্ট ইউনিটের ডেপুটি কমান্ডারকে বরখাস্ত করা হয়।

এর আগে বিবিসি জানিয়েছিল, হামলার সময় ইসরাইলি সেনারা ১০০টিরও বেশি গুলি ছুঁড়েছিল, যার কিছু মাত্র ১২ মিটার দূর থেকে নিক্ষিপ্ত হয়। একটি মুঠোফোনে ধারণ করা ভিডিওর ফরেনসিক অডিও বিশ্লেষণে এসব তথ্য উঠে আসে।

এদিকে, গাজায় দখলদার বাহিনীর বর্বরতা অব্যাহত রয়েছে। রোববারও উপত্যকাজুড়ে হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। তাদের অভিযানে শিশুসহ বহু নিরীহ ফিলিস্তিনি হতাহত হন। চলমান যুদ্ধে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার ২০০।

মতামত দিন