রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আশাবাদী ট্রাম্প, যুদ্ধবিরতির সম্ভাবনা এই সপ্তাহেই।
তিন বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ খুব শিগগিরই বন্ধ হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, যুদ্ধরত দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হতে পারে এই সপ্তাহেই।
সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “খুব শিগগিরই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি হবে বলে আমি বিশ্বাস করি। আমি চাই, এই সপ্তাহেই দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছাক।”
একই দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “যদি দুই দেশ একটি চুক্তিতে পৌঁছায়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে। এই ব্যবসা থেকে সবাই বিপুল পরিমাণ লাভ করবে। এখন যুক্তরাষ্ট্র উন্নতির পথে।”
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই যুদ্ধ থামাতে কূটনৈতিক চেষ্টা বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। রাশিয়া ও ইউক্রেন—দুই দেশের সঙ্গেই নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে করে একটি সমঝোতায় আসা সম্ভব হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালানোর পর থেকেই যুদ্ধ চলছে। এতে উভয় দেশেই অনেক প্রাণহানি হয়েছে, আর ব্যাপক ধ্বংস হয়েছে। এতদিনেও দুই পক্ষের মধ্যে কোনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি।
মতামত দিন