১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা।
এপ্রিলের প্রথম ১৯ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৭১ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা) অনুযায়ী, এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ২০ হাজার ৯৬৮ কোটি ১৪ লাখ টাকা।
২০ এপ্রিল, রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রাপ্ত রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে সর্বাধিক ৯৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ কোটি ২ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে আরও ৩৩ লাখ ৫০ হাজার ডলার।
এর আগে, চলতি বছরের মার্চ মাসে দেশে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ রেকর্ড হয়েছে—মোট ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার। জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার।
গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিল মাসে ২০৪ কোটি ৪২ লাখ, মে-তে ২২৫ কোটি ৪৯ লাখ, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ এবং ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
মতামত দিন