আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে চীন, ভিসা ছাড় পাচ্ছে ৭৫টি দেশ।

নিজস্ব প্রতিবেদক:

এক সময় রক্ষণশীল নীতিতে চলা চীন এখন বৈদেশিক যোগাযোগে আগের চেয়ে অনেক বেশি উদার হচ্ছে। বিশেষ করে পর্যটন ও ব্যবসায়িক খাতে বিদেশি আগ্রহ বাড়াতে ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে দেশটি।
এরই ধারাবাহিকতায় চীন এখন বিশ্বের অন্যতম ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে।

চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২ কোটিরও বেশি বিদেশি পর্যটক ভিসা ছাড়াই চীনে প্রবেশ করেছেন, যা মোট আগত বিদেশিদের এক-তৃতীয়াংশ এবং আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

এই উল্লম্ফনের পেছনে রয়েছে বেইজিংয়ের শিথিল ভিসানীতি। বর্তমানে ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্য মিলিয়ে মোট ৭৪টি দেশের নাগরিকদের চীনে প্রবেশের পর ৩০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই অবস্থান করার সুযোগ দেওয়া হয়েছে। চলতি মাসের ১৬ জুলাই আজারবাইজান যুক্ত হলে তালিকায় দেশের সংখ্যা দাঁড়াবে ৭৫টিতে।

চীনের নতুন এই উদ্যোগ মূলত দেশটির পর্যটন শিল্প, অর্থনৈতিক কার্যক্রম এবং আন্তর্জাতিক ভাবমূর্তি—বা ‘সফট পাওয়ার’—বৃদ্ধির কৌশলের অংশ।

তবে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হলেও এখনো আফ্রিকার কোনো বড় দেশ বা বাংলাদেশ এই ভিসা-মুক্ত সুবিধার আওতায় আসেনি। ফলে বাংলাদেশি নাগরিকদের জন্য চীনে ভ্রমণ করতে এখনও ভিসা প্রক্রিয়া অব্যাহত থাকছে।

মতামত দিন