মস্কো-পিয়ংইয়ং সরাসরি ফ্লাইট চালু করছে রাশিয়া।
রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া, নর্ডউইন্ড এয়ারলাইনকে মস্কো-পিয়ংইয়ং রুটে সপ্তাহে দু’টি চার্টার ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। নর্ডউইন্ড গত জুনে এই লাইসেন্সের আবেদন করেছিল।
বর্তমানে পিয়ংইয়ংয়ের সঙ্গে রাশিয়ার একমাত্র সরাসরি ফ্লাইট চালু রয়েছে উত্তর কোরিয়ার নিজস্ব বিমান সংস্থা এয়ার কোরিও-র মাধ্যমে, যা সপ্তাহে দু’বার ভ্লাদিভোস্টক রুটে চলাচল করে। কোভিড মহামারির কারণে দীর্ঘ বিরতি শেষে ২০২৩ সালের আগস্টে এই রুট পুনরায় চালু হয়।
রোসাভিয়াটসিয়া ও উত্তর কোরিয়ার বিমান কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর রুশ এয়ারলাইন্সগুলোকে উত্তর কোরিয়ার সঙ্গে নিয়মিত ফ্লাইট চালুর জন্য উৎসাহিত করা হয়। সেই ধারাবাহিকতায় ২৭ জুলাই থেকে শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরের সময়সূচিতে পিয়ংইয়ংগামী ফ্লাইট যুক্ত হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে উত্তর কোরিয়া ক্রমেই রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। পশ্চিমা বিশ্বের অভিযোগ— পিয়ংইয়ং রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য কামান ও ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে।
সম্প্রতি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা আরও জোরালো হয়েছে। একাধিক রুশ শীর্ষ কর্মকর্তা উত্তর কোরিয়া সফর করেছেন এবং গত বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের সময় দুই দেশের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয়।
সূত্র: মস্কো টাইমস

মতামত দিন