ইউক্রেনে রাশিয়ার 'সবচেয়ে বড়' হামলা, ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ব্যবহার।
নিজস্ব প্রতিবেদক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে এবং এটি ছিল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় আক্রমণ। হামলায় মোট ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, "এটা এমন সময় করা হয়েছে যখন শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতির জন্য বহু উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু রাশিয়া সেগুলো প্রত্যাখ্যান করে চলেছে।"
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরও অস্ত্র পাঠানোর কথা জানানোর পরই রাশিয়া রাতভর এই হামলা চালায়। ট্রাম্প তার হতাশা ব্যক্ত করে বলেন, “পুতিন সবসময় আমাদের জন্য একটি বড় সমস্যা, কিন্তু এখন এটা অর্থহীন হয়ে পড়েছে।”
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার প্রতিক্রিয়া সম্পর্কে জানান, "মস্কো এ বিষয়ে কোনো মন্তব্য করবে না। ট্রাম্প যেভাবে কথা বলেন তা খুব কঠিন, যেসব শব্দ তিনি ব্যবহার করেন সেগুলো কোনো মানসম্পন্ন ভাষা নয়।"
গত সপ্তাহে, ট্রাম্প ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর বলেন, "তিনি (পুতিন) শুধু মানুষের মৃত্যু চান, যা সত্যিই দুঃখজনক।"
এছাড়া, ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত রাখার সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্র পুনরায় কিয়েভকে সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। এর ফলে ইউক্রেন দশটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেতে পারে, যা রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় কিয়েভের জন্য সহায়ক হবে।
রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে, এবং বর্তমানে আক্রমণের মাত্রা আরও বেড়ে গেছে, যা কিয়েভের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মতামত দিন