আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংসের দাবি ইসরায়েলের।

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি ও অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

আইডিএফ জানায়, সম্প্রতি চালানো একাধিক অভিযানে হিজবুল্লাহর অস্ত্রাগার, রকেট লঞ্চার ও ভূগর্ভস্থ ঘাঁটি শনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।

জাবাল ব্লাত এলাকায় ‘বারাম’ আঞ্চলিক ব্রিগেডের সেনারা হিজবুল্লাহর একটি ঘাঁটি চিহ্নিত করে, যেখানে মর্টার শেল ও অস্ত্র মজুত ছিল। সেনারা ওই ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করে বলে দাবি করেছে আইডিএফ।

অন্যদিকে, লাব্বুনেহর কাছে ওদেদ ব্রিগেডের রিজার্ভ সেনারা একটি বনে লুকানো অস্ত্রভাণ্ডার শনাক্ত করে, যার মধ্যে ছিল মাল্টিপল রকেট লঞ্চার, মেশিনগান ও বিস্ফোরক ডিভাইস। ওই অঞ্চলেই হিজবুল্লাহর  ব্যবহৃত একটি ভূগর্ভস্থ ঘাঁটিও পাওয়া যায়, যেটি ধ্বংস করে আইডিএফের কম্ব্যাট ইঞ্জিনিয়াররা।

আইডিএফ আরও জানায়, ২০২৪ সালের নভেম্বরে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে তারা দক্ষিণ লেবাননের পাঁচটি কৌশলগত ঘাঁটিতে মোতায়েন রয়েছে এবং নিয়মিত অভিযান চালাচ্ছে।

ইসরায়েল দাবি করছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক অভিযানের লক্ষ্য ছিল হিজবুল্লাহর সম্ভাব্য হুমকি প্রতিহত করা।

তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামত দিন