বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসার সুবর্ণ সুযোগ।
নিজস্ব প্রতিবেদক:
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য অবিশ্বাস্য কম মূল্যে গোল্ডেন ভিসার সুযোগ এসেছে। দেশের নাগরিকরা এবার বিনিয়োগ ছাড়াই এই ভিসার মাধ্যমে স্থায়ীভাবে সেখানে বসবাস করতে পারবেন।
মঙ্গলবার (০৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত একটি নতুন মনোনয়নভিত্তিক গোল্ডেন ভিসা চালু করেছে, যার মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা কোনো বড় ব্যবসা বা সম্পত্তি বিনিয়োগ ছাড়াই আজীবন বসবাসের সুযোগ পাবেন।
প্রাথমিকভাবে এই প্রোগ্রামটি ভারত ও বাংলাদেশকে নিয়ে চালু হয়েছে। আগে, গোল্ডেন ভিসা পাওয়ার জন্য কমপক্ষে ২০ লাখ দিরহাম (প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা) মূল্যের সম্পত্তি বা বড় ব্যবসায়িক বিনিয়োগ প্রয়োজন ছিল। তবে নতুন নিয়মে, আবেদনকারীরা মাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিয়ে গোল্ডেন ভিসা পেতে পারবেন। তবে, এর জন্য কঠোর ব্যাকগ্রাউন্ড যাচাই এবং ইউএই কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।
গোল্ডেন ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব পেয়েছে রায়াদ গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আয়ুব জানান, এই ভিসা পাওয়ার সুযোগ বাংলাদেশিদের জন্য এক সুবর্ণ সুযোগ।
আবেদনকারীদের যাচাইয়ের সময় মানি লন্ডারিং, ফৌজদারি রেকর্ড, এবং সামাজিক মাধ্যমে কার্যকলাপ গুরুত্ব দিয়ে দেখা হবে। এছাড়া, আবেদনকারীর সংস্কৃতি, বিজ্ঞান, অর্থনীতি, স্টার্টআপ, বাণিজ্য বা পেশাগত খাতে সম্ভাব্য অবদানও বিবেচিত হবে।
গোল্ডেন ভিসা পাওয়ার পর আবেদনকারীকে আজীবন বসবাস করার অনুমতি দেওয়া হবে। এর পাশাপাশি, তারা পরিবার, গৃহকর্মী ও ড্রাইভার স্পন্সর করার সুযোগও পাবেন। এমনকি, যেকোনো ব্যবসা বা পেশাগত কাজ করার স্বাধীনতাও থাকবে।
আবেদনকারীরা ওয়ান ভাস্কো সেন্টার, রেজিস্টার্ড অফিস, রায়াদ গ্রুপের অনলাইন পোর্টাল বা কল সেন্টারের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এখন বাংলাদেশি নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসার মাধ্যমে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে, যা ভবিষ্যতে অনেকের জন্য লাভজনক হতে পারে।
মতামত দিন