যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় নিহত ২৪, নিখোঁজ অন্তত ২৫ শিশু।
প্রচণ্ড বর্ষণ ও নদীর পানি দ্রুত বৃদ্ধির ফলে এই আকস্মিক বন্যা দেখা দেয়। স্থানীয় প্রশাসনের ভাষায়, পরিস্থিতি "চরম ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী" রূপ নিয়েছে। ইতিমধ্যে টেক্সাস রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কারভিল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে প্রায় ২৬ ফুট বেড়ে যায়। এতে নদী তীরবর্তী বসতবাড়ি ভেসে যায়, বহু সেতু ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অগণিত যানবাহন পানিতে তলিয়ে যায়।
লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানান, বন্যা-আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। নিখোঁজ শিশুদের মধ্যে বেশিরভাগই একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নিচ্ছিল। তিনি বলেন, "এটা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন প্রতিটি শিশুকে উদ্ধার করা যায়।"
স্থানীয় প্রশাসন, জরুরি বিভাগ এবং জাতীয় গার্ড যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি হেলিকপ্টার ও ডুবুরি দল মোতায়েন করা হয়েছে। দ্রুত গতিতে পানি বৃদ্ধি পাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যম বলছে, বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মতামত দিন