আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচিতে বহুতল ভবন ধসে নিহত ১২, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ।

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানের করাচিতে একটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ পাঁচতলা ভবন ধসে পড়ে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার (৪ জুলাই) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে শহরের দক্ষিণাংশের লিয়ারির লি মার্কেট এলাকায়।

স্থানীয় সময় বিকেল নাগাদ ভবনটির দুটি পিলার হঠাৎ ধসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই গোটা ভবনটি সম্পূর্ণ ভেঙে পড়ে। ভবনটিতে প্রায় শতাধিক মানুষ বসবাস করছিলেন বলে জানা গেছে।

জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা হাতুড়ি, কাটার ও ভারী যন্ত্রপাতির মাধ্যমে ধ্বংসাবশেষ সরিয়ে নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে সময়ের সাথে সাথে ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

জানা গেছে, বেশ কিছুদিন আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে করাচি উন্নয়ন কর্তৃপক্ষ। সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে ভবনটির কাঠামোগত দুর্বলতা আরও বেড়ে গিয়েছিল। তবু পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা না থাকায় বেশ কয়েকটি পরিবার সেখানেই বসবাস করে আসছিল।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উল্লেখ্য, করাচির লি মার্কেট এলাকা ঐতিহাসিক এবং ঘনবসতিপূর্ণ। এই বাজারটির নামকরণ করা হয়েছিল ব্রিটিশ আমলের প্রকৌশলী মীশাম লিয়ারের নামে। ঘনবসতির এই এলাকায় ভবন ধসের ঘটনা আরও প্রাণহানির আশঙ্কা তৈরি করেছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পরিষ্কার হওয়ার সম্ভাবনা কম।

মতামত দিন