আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সিরিয়ায় নতুন জাতীয় প্রতীক উন্মোচন।

নিজস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন পতনের পর নতুন জাতীয় প্রতীক ঘোষণা করা হয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে দেশের জনগণের ‘মুক্তি ও স্বাধীনতা’ এবং ইসলামী ঐতিহ্য ও বীরত্বগাঁথাকে তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আনুষ্ঠানিকভাবে নতুন জাতীয় প্রতীক উন্মোচন করেন। রাজধানী দামেস্কে আয়োজিত উৎসবে হাজার হাজার মানুষ অংশ নেন।

নতুন জাতীয় প্রতীকে সোনালি ঈগলকে বেছে নেওয়া হয়েছে, যা ইসলামের ইতিহাসে শক্তি ও বিজয়ের প্রতীক। ইতিহাসে মুসলিম সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ এই ঈগলকে নিজের প্রতীকে ব্যবহার করেছিলেন।

প্রেসিডেন্ট আল-শারা বলেন, “সিরিয়া কোনো বিভাজন মেনে নেবে না। দেশের সব অঞ্চল— পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ— এক হয়ে রয়েছে। সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্য আমাদের ভাঙনের নয়,  বরং ঐক্য ও সমৃদ্ধির প্রতীক।”

আগের প্রতীক ছিল আসাদ পরিবারের শাসন ও নিপীড়নের প্রতীক। তবে নতুন প্রতীক দেশের মানুষের জন্য গর্ব, সম্মান ও বিজয়ের প্রতীক হিসেবে গ্রহণযোগ্য হয়েছে। এক উৎসবপ্রিয় অংশগ্রহণকারী বলেন, “পুরনো প্রতীকের সেই কুপরিচয় থেকে মুক্তি পেয়ে আমরা গর্বিত।”

নতুন প্রতীকের বিস্তারিত বিবরণে জানা গেছে, ঈগলের মাথার ওপর রাখা হয়েছে তিনটি তারা, যা দেশের মুক্তি ও স্বাধীনতার ইঙ্গিত বহন করে। ঈগলের ডানায় থাকা ১৪টি পালক দেশের ১৪টি প্রদেশকে চিহ্নিত করে, আর লেজের পাঁচটি পালক দেশটির প্রধান পাঁচটি অঞ্চলকে নির্দেশ করে।

সরকার জানিয়েছে, নতুন ডিজাইনের সঙ্গে মিল রেখে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ডিজাইনেও  পরিবর্তন আনা হবে।

মতামত দিন