যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির আজ বৃহস্পতিবার (৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর ৪৬ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। তবে আগামী সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা থাকা ওই শুল্কের হার শেষ মুহূর্তে দুই পক্ষের আলোচনার মাধ্যমে কমিয়ে ২০ শতাংশে নেমে এসেছে। নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভিয়েতনামের পণ্যের ওপর কোনো অতিরিক্ত শুল্ক আরোপ করবে না।
একই সঙ্গে, ট্রান্সশিপিং সংক্রান্ত পণ্যের জন্য ৪০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। অর্থাৎ, অন্য কোনো দেশ ভিয়েতনামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করলে ওই শুল্ক গুণতে হবে।
বিশ্লেষকরা মনে করছেন, এটি ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ তৃতীয় বাণিজ্য চুক্তি। ট্রাম্পের দাবি, এই চুক্তির ফলে ভিয়েতনাম ওয়াশিংটনের বাজারে পূর্ণ প্রবেশাধিকার লাভ করেছে।
গবেষকরা বলছেন, ভিয়েতনাম বর্তমানে নাইকি, অ্যাপল, গ্যাপ, লুলুলেমনসহ বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। ট্রাম্প প্রশাসনের চীনবিরোধী শুল্ক নীতির কারণে অনেক প্রতিষ্ঠান তাদের কারখানা চীন থেকে সরিয়ে ভিয়েতনামে নিয়ে এসেছে। চুক্তির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভিয়েতনামে উৎপাদিত পণ্যের শেয়ারমূল্যে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। তবে ২০ শতাংশ শুল্ক বজায় রাখার ঘোষণার পর শেয়ার কিছুটা নিম্নমুখী হয়েছে।
মতামত দিন