আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরাকের সামরিক বিমানঘাঁটিতে রকেট হামলা।

নিজস্ব প্রতিবেদক:

ইরাকের উত্তরের কিরকুক শহরে অবস্থিত একটি সামরিক বিমানঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে। হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।

রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে।স্থানীয় সময় রাতের দিকে সামরিক অংশে পরপর দুটি কাতিউষা রকেট আঘাত হানে। একটি রকেট রানওয়ের নিকট বিস্ফোরিত হয়, অন্যটি কিরকুক শহরের উরুবা মহল্লার একটি বাড়িতে আছড়ে পড়ে, এতে ওই বাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আহত দুই নিরাপত্তাকর্মীর অবস্থা গুরুতর নয়। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত রকেট উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, কিরকুকের এই বিমানঘাঁটিতে ইরাকি সেনাবাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় ফেডারেল পুলিশ এবং হাশেদ আল-শাবির ইউনিট অবস্থান করে। হাশেদ আল-শাবি এক সময় একটি ইরানঘনিষ্ঠ আধাসামরিক গোষ্ঠী হলেও এখন তা সরকারি বাহিনীর সঙ্গে সংযুক্ত একটি স্বীকৃত বাহিনী।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর একাধিক সামরিক ঘাঁটি হামলার শিকার হচ্ছে। গত সপ্তাহে যুদ্ধবিরতির ঠিক আগে বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় ইরাকে ড্রোন হামলার খবর আসে, যার তদন্ত এখনো চলমান।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, কিরকুকের হামলাটি একটি স্পষ্ট বার্তা—আঞ্চলিক উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলো হামলার উৎস ও উদ্দেশ্য শনাক্তে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

মতামত দিন