আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ট্রাম্পকে বিদায় করতে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা:ইলন মাস্কের।

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের বিতর্কিত কর-বিল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। কঠোর ট্রাম্প-সমর্থক হিসেবেই পরিচিত মাস্ক এবার নিজেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন।

সোমবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একাধিক পোস্টে মাস্ক জানান, সিনেটে প্রস্তাবিত ঋণ-বৃদ্ধিকারী কর-বিল পাস হলে তিনি ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম চালু করবেন।

“যারা জনগণের অর্থ অপচয়ের বিরুদ্ধে কথা বলে নির্বাচিত হয়েছেন, অথচ এখন ঋণ আরও বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের উচিত নিজেকে আয়নায় দেখে লজ্জা পাওয়া,”— লিখেছেন মাস্ক।

পরবর্তী পোস্টে তিনি আরও স্পষ্ট করে জানান, বিলটি পাস হলে পরদিনই ‘আমেরিকা পার্টি’ যাত্রা শুরু করবে। মাস্ক বর্তমান রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমেরিকায় কার্যত একদলীয় শাসন চলছে। আমি এই দলীয় দখলদারিত্বের অবসান চাই।”

মাস্কের দাবি, প্রস্তাবিত কর-বিল পাস হলে যুক্তরাষ্ট্রের সার্বিক ঋণের পরিমাণ ৫ ট্রিলিয়ন ডলার বেড়ে যাবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে ‘ঋণের দাসত্ব’-এ নিপতিত করবে। তিনি আরও বলেন, যারা বিলের পক্ষে ভোট দিয়েছেন, তাদের বিরুদ্ধে তিনি নির্বাচনী প্রচার চালাবেন।

উল্লেখ্য, এর আগেও হোয়াইট হাউসের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্প ‘DOGE’-এর উপদেষ্টা ছিলেন ইলন মাস্ক। ট্রাম্পের ২০২০ সালের পুনঃনির্বাচন প্রচারেও তিনি কয়েকশ মিলিয়ন ডলারের অনুদান দেন। তবে সাম্প্রতিক সময়ে এই কর-বিল ইস্যুকে কেন্দ্র করে সম্পর্কের অবনতি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইলন মাস্কের মতো প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তি যদি বাস্তবেই নতুন দল গঠনে অগ্রসর হন, তবে সেটি শুধু ট্রাম্পের জন্যই নয়, রিপাবলিকান পার্টির সামগ্রিক রাজনৈতিক কৌশলের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

মতামত দিন