ইসরায়েলি হামলার মাঝেও লাইভে সাহসী উপস্থাপিকা, পেলেন সিমন বলিভার সম্মাননা।
শনিবার (২৮ জুন) রাজধানী কারাকাসে আয়োজিত এক অনুষ্ঠানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত আলি চেগিনির হাতে।একই অনুষ্ঠানে ইসরায়েলি হামলায় নিহত ইরানি সাংবাদিকদেরও স্মরণ করা হয় এবং তাদের উদ্দেশ্যে বিশেষ শ্রদ্ধা জানানো হয়।
স্মরণযোগ্য যে, চলতি বছরের ১৬ জুন ইসরায়েল তেহরানে আইআরআইবি’র কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই মুহূর্তেই লাইভ সম্প্রচারে ছিলেন সাহার এমামি। ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও খুব দ্রুত তিনি পুনরায় সম্প্রচারে ফিরে আসেন এবং দৃঢ়চিত্তে উপস্থাপনা চালিয়ে যান, যা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা পায়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাদুরো বলেন, “সাহার এমামি কেবল একজন সংবাদকর্মী নন, তিনি ইরানি জাতির সাহস ও প্রতিরোধের প্রতীক।” অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে এই সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ‘সিমন বলিভার অ্যাওয়ার্ড’ ভেনিজুয়েলার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননাগুলোর একটি, যা সাধারণত মানবাধিকার, স্বাধীনতা ও প্রতিরোধ সংগ্রামের অগ্রনায়কদের দেওয়া হয়ে থাকে।
মতামত দিন