আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের ইজমির প্রদেশ।

নিজস্ব প্রতিবেদক:

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় জনপদ ও প্রশাসন। রোববার (২৯ জুন) সমুদ্রতীরবর্তী বনাঞ্চলে হঠাৎ করে ছড়িয়ে পড়ে আগুন, যা প্রবল বাতাসের কারণে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।

ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসের তীব্রতায় আগুন ছড়িয়ে পড়ে জনপ্রিয় পর্যটন শহর ম্যান্ডেরেস পর্যন্ত। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

দাবানলের কারণে সতর্কতা হিসেবে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমানবন্দর। জঙ্গলের কাছাকাছি অবস্থিত অন্তত ৬টি জনবসতি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

দমকল বাহিনীর প্রায় ১ হাজার সদস্য দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন। ব্যবহার করা হচ্ছে ১১টি অগ্নিনির্বাপক বিমান ও ২৭টি হেলিকপ্টার, যেগুলো থেকে রাসায়নিক পদার্থ ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে।

স্থানীয় প্রশাসনের আশঙ্কা, এই দাবানল ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। অঞ্চলজুড়ে জারি করা হয়েছে সতর্কতা।
সূত্র: দ্য মিরর.

মতামত দিন