আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর দুর্নীতি মামলার সমালোচনায় ট্রাম্প।

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলাকে ‘ভয়াবহ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৯ জুন)  সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

ট্রাম্প লেখেন, “নেতানিয়াহুর মতো একজন সাহসী ও পরীক্ষিত নেতা, যিনি একটি জাতির জন্য জীবন উৎসর্গ করছেন, তাকে দিনভর আদালতের কাঠগড়ায় বসিয়ে রাখা অন্যায়। এ ধরনের আচরণ কোনও  সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না।”

ইসরায়েলের নিরাপত্তা ও কূটনৈতিক কৌশলে নেতানিয়াহুর অবদান তুলে ধরে ট্রাম্প বলেন, “তিনি একজন সত্যিকারের যুদ্ধনায়ক। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ এবং হামাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে  তিনি অসাধারণ নেতৃত্ব দিয়েছেন।”

এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া ইরান ও হামাসের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যাহত করতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি জানান, এর আগেও তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাগুলো বাতিল এবং তার ‘নি:শর্ত মুক্তির’ পক্ষে মত দিয়েছেন।

ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো দায়িত্বে থাকা কোনো প্রধানমন্ত্রী দুর্নীতির অভিযোগে বিচারাধীন। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও আস্থাভঙ্গের অভিযোগে মামলা চলছে। যদিও নেতানিয়াহু বারবার এ অভিযোগ অস্বীকার করে আসছেন এবং একে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন।

মতামত দিন