আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় মার্কিন সহায়তার আটার বস্তায় পাওয়া গেছে মাদক,দাবি গাজা কর্তৃপক্ষের।

নিজস্ব প্রতিবেদক:

অবরুদ্ধ গাজা উপত্যকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ সামগ্রীর ভেতরে পাওয়া গেছে মাদক জাতীয় ব্যথানাশক বড়ি। স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সরকারি মিডিয়া অফিস।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, ফিলিস্তিনিদের হাতে পৌঁছানো মার্কিন তত্ত্বাবধানে বিতরণকৃত আটার বস্তার ভেতর পাওয়া যায় প্রেসক্রিপশনযুক্ত শক্তিশালী ব্যথানাশক অক্সিকোডোন। সন্দেহ করা হচ্ছে, বড়িগুলো হয়তো গুঁড়ো করে বা সরাসরি আটার সঙ্গে  মেশানো হয়েছে।

সরকারি বিবৃতিতে একে ‘নৃশংস অপরাধ’ আখ্যা দিয়ে বলা হয়, এটি সরাসরি জনস্বাস্থ্যের জন্য হুমকি। ইসরায়েলকে এই ঘটনার জন্য দায়ী করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, এটি সমাজের ভেতর থেকে ফিলিস্তিনিদের ধ্বংসের ষড়যন্ত্রের অংশ, যেখানে মাদককে ‘নরম অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে ইসরায়েল।

এদিকে ইসরায়েল গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে চারটি বিতরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল এই পরিকল্পনার বিরোধিতা করছে, কারণ এটি বিশ্ব সংস্থাগুলোর মাধ্যমে সাহায্য বিতরণের স্বীকৃত প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা।

গাজায় সহায়তা নিতে গিয়ে প্রাণহানি..

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন ৫৬ হাজার ৩০০ ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এর মধ্যে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

মতামত দিন