আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদিতে আফ্রিকান মাদক পাচারে অভিযুক্ত অন্তত ৫০ জনের শিরশ্ছেদ কার্যকর হতে পারে।

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত আফ্রিকার ইথিওপিয়া ও সোমালিয়ার অন্তত ৫০ জন নাগরিকের শিরশ্ছেদ করার প্রস্তুতি চলছে। তাদের আত্মীয়-স্বজন জানিয়েছেন, যেকোনো সময় এ শাস্তি কার্যকর হতে পারে।

কেউ একজন জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে।

আফ্রিকার এই নাগরিকরা ইয়েমেন সীমান্তবর্তী নাজিরান কারাগারে বন্দি রয়েছেন।তাদের কিছু সপ্তাহ আগে জানানো হয়, দ্রুতই তাদের শিরশ্ছেদ করা হবে। সৌদি আরবে সাধারণত মৃত্যুদণ্ড শিরশ্ছেদের মাধ্যমে কার্যকর করা হয়।

নাম গোপন রাখার শর্তে এক বন্দি সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই-কে জানিয়েছেন, “তারা আমাদের শেষ বিদায় জানানোর সুযোগ দিয়েছেন। ঈদুল আজহার পর থেকে দণ্ড কার্যকর শুরু হবে, যা এখন শুরু হয়ে গেছে।”

মিডেল ইস্ট আই সূত্রে পাওয়া তালিকা অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪৩ জন ইথিওপিয়ার এবং ১৩ জন সোমালিয়ার নাগরিক রয়েছেন। এর মধ্যে ছয়জনকে গত ছয় মাসের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর অনেকে দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। অনেক বন্দি দাবি করেছেন, তারা মাদক পাচারের সাথে জড়িত নন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাদক পাচার মামলায় সৌদি আরবে ৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

গত বছর সৌদি আরবে ৩০০-এরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা বিশ্বে সর্বোচ্চ সংখ্যক।

সূত্র: মিডেল ইস্ট আই

মতামত দিন