আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সোয়াতে পাহাড়ি ঢলে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ একই পরিবারের ১৮ জন।

নিজস্ব প্রতিবেদক:

পাহাড়, নদী আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে সোয়াত উপত্যকায় বেড়াতে গিয়েছিল এক পর্যটক পরিবার। কিন্তু এক মুহূর্তেই সেই ভ্রমণ রূপ নেয় নির্মম ট্র্যাজেডিতে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে সোয়াত নদীর পাড়ে সকালের নাস্তার সময় আচমকা পাহাড়ি ঢলে নদীতে ভেসে যায় পরিবারের একের পর এক সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঞ্জাব ও শিয়ালকোট থেকে আসা পর্যটকরা সকালের নাস্তার সময় নদীর পাড়ে অবস্থান করছিলেন। তাদের শিশু সদস্যরা নদীতে সেলফি তুলতে নামলে হঠাৎ প্রবল ঢল নেমে আসে। সন্তানদের বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন পরিবারের অন্যরাও। তবে প্রবল স্রোতের মুখে তারা কেউই  টিকতে পারেননি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়, দুই ঘণ্টার বেশি সময় নদীতীরে তাদের আর্তনাদ শোনা গেলেও তীব্র স্রোতের কারণে কেউ উদ্ধার অভিযানে এগিয়ে যেতে পারেননি।

সোয়াতের স্থানীয় প্রশাসন জানায়, মোট ১৮ জন নিখোঁজ রয়েছেন। সকাল সাড়ে সাতটায় এলাকা থেকে বন্যা সতর্কতা জারি করা হলেও ততক্ষণে পরিবারটি ঘটনাস্থলে পৌঁছে যায়।

ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন এবং উদ্ধার তৎপরতায় সর্বোচ্চ সহযোগিতার নির্দেশ দিয়েছেন। ৮০ জনের বেশি উদ্ধারকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

প্রতি বছর বর্ষা মৌসুমে হাজারো পর্যটক সোয়াতের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে ছুটে আসেন। কিন্তু এবারের ভ্রমণ এক পর্যটক পরিবারের জন্য হয়ে উঠেছে এক অপূরণীয় ক্ষতি ও শোকের কারণ।

মতামত দিন