তেহরানের পশ্চিমাঞ্চলে ভোররাতে একাধিক বিস্ফোরণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামশহর ও বিদগান এলাকায় বেশ জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিদগান অঞ্চলটি ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার জন্য পরিচিত। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অঞ্চলটি কয়েক দিন আগে ইসরায়েলি হামলার সম্ভাব্য লক্ষ্যের তালিকায়ও ছিল।
ইরানের সরকারি সূত্র থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও—সংবাদমাধ্যমগুলো ধারণা করছে, এটি হয়ত ড্রোন বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা ছিল।
অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে তাদের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ‘ব্যাপক পরিসরে সতর্কতা জারি করা হয়েছে এবং প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করে হুমকি মোকাবিলা করা হয়েছে।’
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানে নিহত সামরিক কর্মকর্তাদের জন্য রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি চলছিল।
এ ঘটনার পর তেহরানজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে সতর্কতা অব্যাহত থাকবে।
মতামত দিন