আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের ইউরেনিয়াম সরানোর প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্র: পেন্টাগন।

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও সরিয়ে নিয়েছে—এমন কোনো তথ্য তার কাছে নেই। বৃহস্পতিবার (২৬ জুন) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বড় পরিসরের বিমান হামলা চালিয়েছে। এতে ব্যবহৃত হয়েছে এক ডজনের বেশি ‘বাংকার-বাস্টার’ বোমা, যেগুলোর প্রতিটির ওজন ৩০ হাজার পাউন্ড। হামলার পর বিষয়টি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়—বিশেষ করে হামলার সময় ইরান গোপনে ইউরেনিয়াম সরিয়েছে কি না, তা নিয়েই।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের একটি সূত্র দাবি করেছিল, মার্কিন হামলার আগে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছিল।

তবে এসব দাবির প্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, "আমি এমন কোনো গোয়েন্দা প্রতিবেদন দেখিনি, যা বলছে—ইরান এসব উপাদান অন্য কোথাও সরিয়েছে।"

এ সময় সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানিয়ে তিনি বলেন, “এ ধরনের গুরুত্বপূর্ণ উপাদান সরিয়ে নিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়।”

বর্তমানে মার্কিন প্রশাসন এই বিমান হামলার প্রতিক্রিয়া, ইরানের পরমাণু কার্যক্রমে এর প্রভাব এবং  গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে পরবর্তী কৌশল নির্ধারণের ওপর গুরুত্ব দিচ্ছে।

মতামত দিন