আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান।

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএর (IAEA) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করেছে ইরান। দেশটির শীর্ষ ধর্মীয় নেতৃত্বের অধীনস্থ গার্ডিয়ান কাউন্সিল বৃহস্পতিবার (২৬ জুন) এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পরমাণু তদারক সংস্থার সঙ্গে ইরানের দীর্ঘদিনের যোগাযোগ কার্যত ছিন্ন হলো।

সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, এর আগে বুধবার ইরানের পার্লামেন্টে এ সম্পর্কিত একটি বিল পাস হয়। এরপর গার্ডিয়ান কাউন্সিল সেটি অনুমোদন করলে সিদ্ধান্তটি কার্যকর হয়।

ইরানি পার্লামেন্টের প্রেসিডিয়াম সদস্যদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংস্থা নূর নিউজ জানিয়েছে, নতুন আইনের আওতায় আন্তর্জাতিক পরিদর্শকদের আর স্বাভাবিকভাবে ইরানে ঢোকার অনুমতি থাকবে না।এখন থেকে শুধুমাত্র জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে এবং পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চয়তার ভিত্তিতেই আইএইএ প্রতিনিধি দলকে ইরানে প্রবেশ করতে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনব্যাপী সরাসরি সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সংঘাতের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় লক্ষ্য করে হামলা চালায়, যার পরই পারমাণবিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এই সিদ্ধান্ত নেয় তেহরান।

বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ শুধু আন্তর্জাতিক পর্যায়ে ইরানের অবস্থানকে আরও জটিল করে  তুলবে না, একইসঙ্গে পরমাণু কর্মসূচি ঘিরে উদ্বেগও বাড়াবে। তবে ইরান বলছে, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌম অধিকার রক্ষাই তাদের মূল লক্ষ্য।

মতামত দিন