আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা,নিহত দুই হিজবুল্লাহ যোদ্ধা।

নিজস্ব প্রতিবেদক:

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আবারও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ জুন) দক্ষিণ লেবাননে চালানো দুই দফা পৃথক হামলায় হিজবুল্লাহর দুই সদস্য নিহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বারাচিত ও বেইত লিফ এলাকাকে লক্ষ্য করে এই আঘাত হানা হয়। নিহতদের একজন ছিলেন রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র কমান্ডার। আরেকজন হিজবুল্লাহর পর্যবেক্ষণ ইউনিটের সদস্য।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, হামলাগুলো দুই ঘণ্টার ব্যবধানে পরিচালিত হয়। প্রথম হামলায় রাদওয়ান বাহিনীর কমান্ডার নিহত হন, এরপর দ্বিতীয় হামলায় মারা যান হিজবুল্লাহর এক নজরদারি সদস্য। তবে নিহতদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।

হামলার পর কুদস নিউজ নেটওয়ার্ক দক্ষিণ লেবাননের জাবাল ব্লাত অঞ্চলের ছবি প্রকাশ করেছে, যেখানে বিস্ফোরণের ধোঁয়া উড়তে দেখা যায়। তাদের দাবি, সেখানে সরাসরি মিসাইল হামলা চালানো হয়।

ইরানপন্থী গোষ্ঠী হিজবুল্লাহকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। গোষ্ঠীটি ইসরায়েলে রকেট ও মিসাইল ছুঁড়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুললেও সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের প্রতিআক্রমণে তাদের কার্যক্ষমতা অনেকটা হ্রাস পেয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এরপরও লেবাননে ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে, যা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের উদাহরণ হিসেবে বিবেচনা করছে আন্তর্জাতিক মহল।

মতামত দিন