আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে বাস নদীতে পড়ে প্রাণ গেল ৩ জনের,নিখোঁজ অন্তত ৯।

নিজস্ব প্রতিবেদক:

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৯ জন।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রুদ্রপ্রয়াগ জেলার বদ্রিনাথ  হাইওয়েতে চলন্ত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নদীতে গিয়ে পড়ে।

দুর্ঘটনার সময় বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। এখন পর্যন্ত আটজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও চলছে উদ্ধার তৎপরতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাহাড়ি সড়কে ঘুরপথে চলাকালীন চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি সোজা গিয়ে পড়ে পার্শ্ববর্তী নদীতে। দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে প্রযুক্তিগত ত্রুটি, চালকের অসতর্কতা বা আবহাওয়া—সব দিক  বিবেচনায় তদন্ত চলছে।

উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা জানান, নদীতে স্রোত তীব্র থাকায় উদ্ধার কাজ বেশ কঠিন হয়ে পড়েছে। নিখোঁজদের মধ্যে কয়েকজনের সন্ধান পেতে ডুবুরি দল নামানো হয়েছে।

দুর্ঘটনার পর উত্তরাখণ্ড রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন