আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারতের ‘র’-এর হয়ে কাজ করা ৬ এজেন্ট পাকিস্তানে গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানের পাঞ্জাবে নিরাপত্তা বাহিনীর সফল অভিযানে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর হয়ে কাজ করা ছয়জন সন্দেহভাজন গুপ্তচরকে আটক করা হয়েছে। ‘অপারেশন ইয়ালঘর’ নামে পরিচালিত এই অভিযানে শুধুমাত্র এজেন্টদেরই নয়, উন্মোচিত হয়েছে একটি বিস্তৃত নাশকতামূলক নেটওয়ার্কও।

জিও টিভির খবরে বলা হয়, বাহাওয়ালনগর, টোবা টেক সিং, লাহোরসহ বিভিন্ন স্থানে সিটিডির সমন্বিত অভিযানে এই ছয়জন ধরা পড়ে।তারা ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছ থেকে সরাসরি বিস্ফোরক সংগ্রহ করছিল বলে দাবি করেছে পুলিশ।

পাঞ্জাব পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শেহজাদা সুলতান জানান, গ্রেফতারকৃতরা পাকিস্তানে গুরুতর হামলার প্রস্তুতি নিচ্ছিল। তারা ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের—বিশেষত ‘র’-এর মেজর রবীন্দ্র রাঠোর ও ইনস্পেক্টর সিংয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাজ করছিল।

আটক ব্যক্তিদের কাছ থেকে আইইডি, ডেটোনেটর, সেফটি ফিউজ, বিস্ফোরক উপাদান এবং গুরুত্বপূর্ণ মানচিত্র উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে, বাহাওয়ালপুরের একটি মসজিদ ও রেলস্টেশনে হামলার পরিকল্পনা ছিল তাদের।

পুলিশ আরও জানায়, আটকদের মধ্যে কেউ কেউ দুবাই থেকে আর্থিক সহায়তা পাচ্ছিল। জুলফিকার নামে এক সন্দেহভাজন ওই ফান্ডিং কার্যক্রমে যুক্ত ছিল বলে অভিযোগ উঠেছে।

সিটিডির দাবি, অভিযুক্তদের সঙ্গে ভারতীয় গোয়েন্দাদের অডিও কথোপকথনের প্রমাণও উদ্ধার করা হয়েছে। এসব রেকর্ডিংয়ে লক্ষ্যবস্তু হত্যার পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার নির্দেশনার বিষয়বস্তু রয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো বলছে, এই অভিযান ভারতের মদদপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় সাফল্য। এআইজি শেহজাদা সুলতান বলেন, “পাকিস্তানকে অস্থিতিশীল করতে ভারতের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, দেশের নিরাপত্তার বিষয়ে কোনো আপস করা হবে না।”

উল্লেখ্য, পাকিস্তানের আইএসপিআর এর আগেও অভিযোগ করেছিল, ভারত গত দুই দশক ধরে পাকিস্তানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে।

মতামত দিন