আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের পক্ষে অবস্থান নিয়েছে ভারত-চীন-রাশিয়া।

নিজস্ব প্রতিবেদক:

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে ভারত-চীন-রাশিয়া নেতৃত্বাধীন জোট ব্রিকস। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে জোটটি।

মঙ্গলবার (২৪ জুন) যুদ্ধবিরতি কার্যকরের পর ব্রিকস এই বিবৃতি প্রকাশ করে। খবর আলজাজিরার।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত এ জোটে সম্প্রতি ইরান ও সংযুক্ত আরব আমিরাতও যুক্ত হয়েছে। সংঘাত শুরুর পর এই প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের পাশে দাঁড়াল ব্রিকস।

বিবৃতিতে জোটটি ইরানের "শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায়" ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করে বলেছে, এটি আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হয়েছে।

ব্রিকস বলেছে, “অভ্যন্তরীণ বা আঞ্চলিক উত্তেজনার সমাধানে সামরিক পথ নয়, বরং কূটনৈতিক  আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদে শান্তি সম্ভব। যুদ্ধের চক্র ভাঙতে এখনই পক্ষগুলোর আলোচনায় বসা জরুরি।”

জোটের বিবৃতিতে আরও বলা হয়, সংলাপ ও আস্থার ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার বাইরে কোনো টেকসই সমাধান নেই। সংযুক্ত আরব আমিরাত ও ইরানের সদস্যপদ থাকায় ব্রিকসের এই বিবৃতি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, ইরানের ওপর হামলার ঘটনাগুলোকে কেন্দ্র করে বিশ্ব পরাশক্তিগুলোর অবস্থান দিনে দিনে স্পষ্ট হচ্ছে। ব্রিকসের এই ঘোষণাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন