যুদ্ধবিরতির মাঝেও ইরানে হামলার চেষ্টা, ভূপাতিত ইসরায়েলি ড্রোন।
যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আবারও ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছে ইসরায়েল।মঙ্গলবার (২৪ জুন) গভীর রাতে ইরানের উত্তরাঞ্চলীয় শহর রাশতের আকাশে একটি ইসরায়েলি ড্রোন শনাক্ত ও ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
ইরানের সামরিক কমান্ড জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল বারবার আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করছে, যা একটি বিপজ্জনক উসকানি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল— উভয়ের বিরুদ্ধেই কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
ড্রোনটি ভূপাতিত হওয়ার পর রাষ্ট্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরানি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শত্রু আঘাত হানার চেষ্টা করলে তার চরম মূল্য দিতে হবে।
এর আগে মঙ্গলবার সকালেই যুদ্ধবিরতির শুরুর পরপরই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তোলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় হস্তক্ষেপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “ইরান ও ইসরায়েল— উভয়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে ইসরায়েলের আচরণে আমি বিশেষভাবে অসন্তুষ্ট।” একইসঙ্গে ট্রাম্প ইসরায়েলকে সতর্ক করে বলেন, “বোমা ফেলানো বন্ধ করুন, পাইলটদের এখনই দেশে ফিরিয়ে আনুন।”
উল্লেখ্য, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইতোমধ্যে ইরানে ‘তীব্র হামলার’ নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। তার দাবি, ইরান যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। যদিও ইরান তা সরাসরি অস্বীকার করেছে এবং পাল্টা অভিযোগে বলেছে— ইসরায়েলই যুদ্ধবিরতির প্রথম লঙ্ঘনকারী।
ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যদি আবারও কোনো হামলা হয়, তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানানো হয়।
বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতির মাঝেও এমন অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার আশঙ্কা বাড়ছে।

মতামত দিন