আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির পরও ইসরায়েল-ইরানকে নিয়ে অসন্তোষে ট্রাম্প।

নিজস্ব প্রতিবেদক:

যুদ্ধবিরতির শর্ত ভেঙে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা। আর এতে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার অভিযোগ, দুই দেশই যুদ্ধবিরতি  লঙ্ঘন করেছে এবং এ নিয়ে তিনি 'খুশি নন'।

মঙ্গলবার (২৪ জুন) ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তিনি বলেন, “ইরান ও ইসরায়েল—উভয়পক্ষই যুদ্ধবিরতির নিয়ম মানেনি। তবে ইসরায়েলের আচরণে আমি সবচেয়ে বেশি বিরক্ত।”

তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা এখন কার্যত শেষ হয়ে গেছে এবং দেশটি আর কখনোও পারমাণবিক প্রকল্প গড়ে তুলতে পারবে না।

ট্রাম্পের মতে, “এই যুদ্ধ বড় বিপর্যয়ের দিকে গড়াতে পারত, বছরের পর বছর চলতে পারত। কিন্তু সেটা হয়নি, এবং হবেও না।”

এর আগে সোমবার (২৩ জুন) নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, দুই দেশ  ২৪ ঘণ্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে ইরান ১২ ঘণ্টা যুদ্ধবিরতি পালন করবে, এরপর ইসরায়েলও এতে যোগ দেবে। এর পর যুদ্ধকে ‘সমাপ্ত’ ঘোষণা করা হবে বলে জানান তিনি।

তবে মঙ্গলবারই ট্রাম্প তার ভিন্নস্বর প্রকাশ করেন। তিনি ইরানকে সতর্ক করে বলেন, যদি আবারও ইসরায়েলে হামলা হয়, তাহলে সেটা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। একইসঙ্গে ইসরায়েলকে উদ্দেশ করে বলেন, “তোমাদের পাইলটদের এখনই দেশে ফিরিয়ে আনো।”

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এমন অবস্থান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ভারসাম্য রক্ষায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

মতামত দিন